২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের পিটুনিতে বাংলাদেশি নিহত

যশোরের শার্শা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পিটুনিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 04:19 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবার পুটখালি এলাকায় নিহত শরীফ হোসেন (৩৬) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বগলাওরি গ্রামের আফজাল হোসেনের ছেলে বলে বিজিবি জানিয়েছে।

শরীফের সহযোগীদের বরাত দিয়ে যশোর ২৬ বিজিবির পুটখালি ক্যাম্পের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে শরীফসহ ১০/১২ বাংলাদেশি গরু নিয়ে ফেরার পথে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল পৌঁছালে আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে।

এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও শরীফকে বিএসএফ সদস্যরা ধরে ফেলে।

“এরপর বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে মৃতদেহ সীমান্তের ১৭ নং মেইন পিলার ও ইছামতি নদীর ১৩৬ নং পিলারের কাছে ফেলে দেয়,” বলেন শেখ ফরিদ।

পরে সেখান থেকে শরীফের সহযোগীরা মৃতদেহ পুটখালি চরের মাঠে নিয়ে আসেন বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি পরিদর্শক অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি ও গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ থানায় আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহৃ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।