নাটোরে গ্রাম সর্দার খুন
নাটোরের বাগাতিপাড়ায় শালিশি বৈঠক থেকে ফেরার পথে এক গ্রাম প্রধান (গ্রাম প্রামাণিক) খুন হয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ যার বিরুদ্ধে সালিশ ডাকা হয়েছিল সেই ব্যক্তিই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার কৈচরপাড়ায় এ ঘটনা ঘটে। রাতেই নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা হয়েছে।
নিহতের নাম ইয়াছিন আলী (৫৩)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী ঘটিত বিষয়ে গ্রামের সাইদুর রহমানের বিরুদ্ধে রাতে এলাকার মজিবর রহমানের বৈঠকখানায় সালিশ বসে। কিন্তু বৈঠকে অভিযুক্ত সাইদুর উপস্থিত না হওয়ায় সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ‘গ্রাম প্রামাণিক’ ইয়াছিনকে ধরে নিয়ে যায় অভিযুক্ত সাইদুর ও তার সহযোগীরা। প্রায় এক ঘণ্টা ধরে তারা ইয়াছিনকে লাঠি দিয়ে এলাপাতাড়ি পেটায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় রাত ১২টার পরে নিহতের ছেলে রনি হোসেন লালন বাদী হয়ে সাইদুরসহ পাঁচ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।
