আগুনে পুড়ল মিরপুরের ঝুটপট্টি বস্তি
রাজধানীর মিরপুর ১১ নম্বরের ঝুটপট্টি বস্তিতে আগুনে পুড়েছে চার শতাধিক ঘর।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয় বলে পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানিয়েছেন।
আগুনে বস্তির চারশ’ থেকে সাড়ে চারশ’ ঘর পুড়েছে জানিয়ে তিনি বলেন,হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঢাকা মহানগর পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার (এসি) কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। এদের একজনকে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
“আগুন লাগার পর প্রথমে বেশ কয়েকজন তাদের স্বজনকে খুঁজে পাচ্ছে না বলে জানালেও পরে এ ধরনের আর কোনো অভিযোগ পাওয়া যায়নি,” বলেন তিনি।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. ফরহাদউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দমকল বাহিনীর সদস্যরা বস্তিতে আগুন নেভাতে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, রান্না করার হিটার থেকে বস্তিতে আগুন লেগেছে।”
অগ্নিকাণ্ড তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে অগ্নিনির্বাপক বাহিনী।
কমিটির সদস্যরা হলেন- দমকল বাহিনীর সদর দপ্তরের উপপরিচালক জহুরুল আমিন মিয়া, উপসহকারী পরিচালক আবদুল হালিম ও মিরপুর অঞ্চলের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আল আরেফিন।
এই কমিটি দ্রুতই এ বিষয়ে একটি প্রতিবেদন দেবে বলে জানান ফরহাদুজ্জামান।
এই ঝুটপট্টিটি কালুর বস্তি বা শাহজাহানের বস্তি নামেও পরিচিত। এই এলাকায় বেশ কিছু পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার পরিত্যক্ত টুকরা কাপড়ের (ঝুট) ব্যবসা এই এলাকা ঘিরে।
আগুনে বস্তিঘর ছাড়াও বেশ কিছু ঝুটের দোকানও পুড়েছে।
