আম বাগান দখলের চেষ্টা, আটক ৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বোমা ফাটিয়ে একটি আমবাগান দখলের সময় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সকালে চককীর্তি গ্রামে এ ঘটনার সময় গ্রেপ্তার চার জনের কাছ থেকে পঁচটি হাত বোমা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন উপজেলার চককীর্তি গ্রামের আনু মন্ডলের ছেলে মনিরুল ইসলাম, তার ভাই দুরুল হোদা, প্রয়াত আব্দুল কাদেরের ছেলে মো. ডলার ও সেকেন্দার আলীর ছেলে মো. সাদ্দাম।
শিবগঞ্জ থানার ওসি মো. আশিকুর রহমান জানান, সকাল ৮টার দিকে চককীর্তি গ্রামের প্রয়াত সাইফুদ্দিন মিয়ার ছেলে নাইমুল হকের ১১ বিঘা আয়তনের একটি আমবাগান দখল করতে যায় একদল দুর্বৃত্ত।
এ সময় তারা বাগানে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংকের সৃষ্টি করলে খবর পেয়ে দ্রুত শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পাঁচটি বোমাসহ চার জনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নাইমুল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন বলে ওসি জানান।
