নবাবাগঞ্জে ১১টি স্বর্ণের দোকনে ডাকাতি, আটক ১
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে ১১টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।
চুড়াইন বাজারে এ ডাকাতির পর পুলিশ ডাকাত সন্দেহে ঝুলন মণ্ডল (৪০) নামে এক জনকে আটক করেছে। ঝুলন উপজেলার গোকলনগর গ্রামের শম্ভু মণ্ডলের ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, রাত ২টার দিকে ৪০ থেকে ৫০ জনের একদল ডাকাত চুড়াইন বাজারের তিনটি স্বর্ণের পট্টিতে হানা দেয়। এ সময় ডাকাতরা বাজারের সাত পাহারাদারকে হাত-পা-মুখ বেঁধে ১১টি দোকানের শাটারের তালা ভেঙে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুটপাট শুরু করে।
দোকান মালিকদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, ডাকাতরা বাসনা জুয়েলার্স, বাদল, প্রতিমা, স্বপন, পূর্ণিমা, দ্বীপ, সূচনা, অর্গ, অবকাশ জুয়েলার্সসহ ১১টি দোকান থেকে প্রায় ৫৫ ভরি স্বর্ণ, ২৮০ ভরি রুপা ও নগদ ৯ লাখ ৫৮ হাজার টাকাসহ ৩২ লাখ টাকার মালামাল লুট করেছে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। তবে, পুলিশ ঝুলন মণ্ডল নামে এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, অন্যান্য ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
