ঢাকার কোর্ট রিপোর্টারদের সমিতির নতুন কমিটি
ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০১৪-২০১৫ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক লাল ও সাধারণ সম্পাদক পদে মশিহুর রহমান জয়ী হয়েছেন।
লাল অনলাইন পত্রিকা এমটিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এবং মশিহুর দৈনিক দিনকালের আদালত প্রতিবেদক।
বৃহস্পতিবার বিকালে ঢাকা জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।
ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম এ ফলাফল ঘোষণা করেন।
এ সময় অপর দুই কমিশনার ইবনে আজিজ মো. নুরুল হুদা ও আবু আব্দুল্লাহ ভূঁইঞা উপস্থিত ছিলেন।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক সংবাদের মাহবুবুল হক, সহ সাধারণ সম্পাদক পদে নিউ নেশন পত্রিকার মো. মনিরুজ্জামান হাওলাদার, কোষাধ্যক্ষ পদে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের মবিনুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শাহজামান ফিরোজ তুহিন নির্বাচিত হন।
সদস্য পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশ রঞ্জন বিশ্বাস, নিউ এজের রবিউল ইসলাম রবি এবং দৈনিক আমার কাগজের আদালত প্রতিবেদক হাফিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন।
