ভোট চলছে মাদারীপুর সদরে
শান্তিপূর্ণ পরিবেশে মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। সকালে অধিকাংশ কেন্দ্র প্রায় ভোটারশূণ্য দেখা যায়।
এদিকে ভোটের আগের রাতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মাদারীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ঢালী ওরফে ভিপি সরোয়ারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুর থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, বুধবার গভীর রাতে মস্তফাপুর এলাকা থেকে সরোয়ারকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে।
সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩১ হাজার ৪৮৪ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৪টি।
এতে চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
