জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
শহীদ জননী জাহানারা ইমামের ২০তম মৃত্যুবার্ষিকী পালনে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি নিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।
প্রতি বছরের মতো এবারো জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান, স্মারক বক্তৃতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯২৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম নেয়া জাহানারা ইমাম ছিলেন একাধারে একজন লেখক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী।তার লেখা ‘একাত্তরের দিনগুলি’ মুক্তিযুদ্ধের অন্যতম প্রামান্য গ্রন্থ হিসেবে স্বীকৃত।
জাহানারা ইমামের বড় ছেলে শফি ইমাম রুমী উচ্চমাধ্যমিক শ্রেনীর ছাত্র থাকা অবস্থায় মু্ক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধে গেরিলা যোদ্ধাদের কয়েকটি সফল অপারেশনে রুমীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিভিন্ন সময় উল্লেখ করেছেন তার সহযোদ্ধারা।
মুক্তিযুদ্ধের প্রায় ২০ বছর পর ১৯৯১ সালে যুদ্ধাপরাধী গোলাম আযমকে জামায়াতে ইসলামীর আমির হিসেবে ঘোষণা করলে বাংলাদেশে ব্যাপক জনঅসন্তোষ দেখা দেয়। এই অসন্তোষকে আন্দোলনে রূপ দেন জাহানারা ইমাম।
তার নেতৃত্বে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি গঠিত হয় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি। সেই আন্দোলনকে শুরু মানেন এখন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মাঠে থাকা গণজাগরণ মঞ্চের নেতারাও।
১৯৮২ সাল থেকে ক্যান্সারে আক্রান্ত জাহানারা ইমাম তার অসুস্থ শরীরেই আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন। ১৯৯৪ সালের ২৬ জুন মারা যান তিনি।
