রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন
আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পেশ করেছেন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক।
বুধবার বিকালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আইন কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে।
সাক্ষাতের সময় কমিশনের চলমান কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম।
কমিশন রাষ্ট্রপতিকে জানায়, তারা বর্তমানে অসমতাবিরোধী আইন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত আইন, শিশুর প্রতি সহিংসতা রোধ, স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ এবং বিশুদ্ধ খাদ্য সংক্রান্ত আইন নিয়ে কাজ করছে।
এসব কাজের জন্য কমিশন দু’জন গবেষককে নিয়োগ দিয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
এছাড়া তারা রাষ্ট্রপতিকে কমিশনের কিছু সমস্যা সম্পর্কে জানিয়ে তার সার্বিক সহযোগিতা কামনা করেন।
কমিশনের কার্যক্রমে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে তাদের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলে প্রেসসচিব জানান।
এদিকে বিকালে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল শহীদুল হক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
রাষ্ট্রপতি এ সময় লিবিয়ায় বাংলাদেশের দক্ষ কর্মী পাঠানোর নতুন ক্ষেত্র তৈরি করতে নতুন রাষ্ট্রদূতকে আহ্বান জানান।
