ধর্মান্তরের সংবাদ: জাবির দুই কর্মকর্তা বরখাস্ত
এক কর্মচারীর ইসলাম ধর্ম গ্রহণের খবর গণমাধ্যমে পাঠানো নিয়ে সমালোচনায় পড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।
এই দুই কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মীর আবুল কাশেম এবং উপ-পরিচালক আবদুস সালাম মিঞা (সালাম সাকলাইন)।
সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠকে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয় বলে সিন্ডিকেট সদস্য নুরুল হক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ও প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট দেখে এবং এ বিষয়ে আদালতের রুলের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়েছে।”
সিন্ডিকেট সভায় এ বিষয়ে আরো তদন্তের জন্য ‘বর্ধিত তদন্ত কমিটি’ গঠন করা হয়েছে বলেও প্রভাষক নুরুল হক জানান।
গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে এক কর্মচারীর ইসলাম ধর্মগ্রহণের সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল।
বিষয়টি নিয়ে তখন ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ব্যাপক সমালোচনা ওঠে এবং সে খবর গণমাধ্যমেও আসে।
বিষয়টি নজরে আসার পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাই কোর্ট বেঞ্চ এক রুলে জাবি জনসংযোগ পরিচালকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না এবং জনসংযোগ দপ্তর থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চায়।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে তার জন্য দুঃখ প্রকাশ করে।
