রংপুর মেডিকেলে মেয়াদোত্তীর্ণ যন্ত্রে থেরাপি
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যানসার রোগীদের রেডিওথেরাপি দেয়ার যন্ত্রের মেয়াদ শেষ হয়েছে পাঁচ বছর আগে।
মেয়াদোত্তীর্ণ এ যন্ত্র দিয়েই রোগীদের থেরাপি দেয়া হচ্ছে, ফলে অনেক ক্ষেত্রেই তা রোগীরা কোনো উপকারে আসছে না বলে অভিযোগ উঠেছে।
রংপুর নগরীর এক বস্ত্র ব্যবসায়ী কাজী নুর মোহাম্মদ অভিযোগ করেন, তার ক্যানসার আক্রান্ত মায়ের থেরাপি দেয়ার জন্য ৪ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। থেরাপি দেয়ার তিন দিন পর তার মা আরো অসুস্থ হয়ে পড়েন।
তখন তাকে ঢাকা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে দেখান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ‘ঠিকমত থেরাপি দেয়া হয়নি’ বলেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক স্বপন কুমার নাথ বলেন, যন্ত্রটির কোবাল্ট সোর্সের মেয়াদ পাঁচ বছর আগেই শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হওয়ার পর এই যন্ত্র দিয়ে রোগীর দেহে রেডিওথেরাপি দিতে সময় লাগে অনেক বেশি। এ কারণে রোগী একটু নড়াচড়া করলেই নির্দিষ্ট স্থানে থেরাপি না হওয়ার আশঙ্কা বেশি থেকে যায়।
তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন ২৫-৩০ জন ক্যানসার আক্রান্ত রোগী আসেন। থেরাপি দিতে সময় বেশি লাগার কারণে অনেক রোগীকে থেরাপি দেয়া সম্ভব হয় না।
যন্ত্রটি বদলানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো কাজ হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
হাসপাতালের পরিচালক ডা. গোলাম মোস্তফা জানান, ক্যানসার রোগীর চিকিৎসার জন্য রেডিও থেরাপি দিতে ২০০৪ সালে কোবাল্ট সিক্সটি যন্ত্রটি স্থাপন করা হয়৷ এই যন্ত্রের কোবাল্ট সোর্সের মাধ্যমেই রোগীর দেহে রেডিওথেরাপি দেয়া হয়৷ এই কোবাল্ট সোর্সের মেয়াদ ছিল পাঁচ বছর, যা ২০০৯ সালে শেষ হয়ে গেছে৷
মেয়াদ ফুরিয়ে যাওয়া যন্ত্রটির কর্মক্ষমতা অনেক গুণ কমে গেছে। এটি বদলানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে৷ কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে তিনি জানান৷
