২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণপুরে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর কল্যাণপুরে গুলি করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 04:28 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মঙ্গলবার দুপুরে কল্যাণপুর বিআরটিসির ডিপোর কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

একই সময় শ্যামলীতে পিসিকালচার হাউজিং এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক প্রকৌশলী।

শামছুর রহমান, আক্তার ও জাহাঙ্গীর আলম নামে তিনজন কল্যাণপুরে দারুস সালাম রোডের ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা তুলে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাল্টিপ্লান কোম্পানির একটি গাড়িতে করে ওই কোম্পানির অফিসে ফ্ল্যাট কিনতে যাচ্ছিলেন জাহাঙ্গীর।

“তাদের গাড়িটি কল্যাণপুর বিআরটিসি ডিপোর কাছে আসা মাত্র দুটি মোটর সাইকেলযোগ পাঁচ ছিনতাইকারী এসে গাড়ি আটকে গুলি ছুড়ে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।”

গুলিতে তিনজনই আহত হয়েছেন বলে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসিফ ইকবাল জানিয়েছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে জাহাঙ্গীরকে ল্যাব এইড হাসপাতালে এবং আক্তার ও শামছুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, শামছুর, আক্তার আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান মাল্টিপ্লানের কর্মকর্তা। গাড়িতে ওই কোম্পানির একজন আনসার সদস্যও ছিলেন।

এদিকে দুপুরের দিকে পিসিকালচার হাউজিং এলাকায় গুলিবিদ্ধ হন প্রকৌশলী রাকিব আল মামুন (২৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামুন শ্যামলীতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। হাতিরপুল সেন্ট্রাল রোডে তার বাসা।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মামুনকে তার বন্ধু রাসেল হাসপাতালে নিয়ে আসেন।

রাসেল পুলিশকে জানিয়েছেন, রিকশায় করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা মামুনের ওপর হামলা করে। তারা মামুনকে পেটানোর পর বাম পাঁজরে একটি গুলি করে পালিয়ে যায়।