রমজানজুড়ে স্কুলে ছুটি
রোজার ছুটি এগিয়ে এনে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২৯ জুন থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার।
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৫ দিন এবং মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসার ছুটি আট দিন এগিয়ে ৬ অগাস্ট পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখতে বলা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, রমজান, জুমাআতুলবিদা, শব-ই কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান ২৯ জুন থেকে ৬ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে একই মেয়াদে সব প্রাথমিক বিদ্যালয়ে রোজার ছুটি ঘোষণা করে।
শিক্ষাপঞ্জী অনুযায়ী, আগামী ১০ থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার কথা ছিল। আর আগামী ৬ জুলাই থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কথা ছিল।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির প্রস্তুতি নিলেও গত ১৬ জুন মন্ত্রিসভার বৈঠকে রমজানের প্রথম দিন থেকে স্কুল-কলেজে ছুটি ঘোষণার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী।
রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ মাসের শেষ থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে।
