প্রধানমন্ত্রীর হাতে ডব্লিউএসআইএস পুরস্কার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হলো ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৪।
সোমবার সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনমান পরিবর্তনের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৪’ পেয়েছে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প।
গত ১০ জুন জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদরদপ্তরে এ পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ‘জনগণের দোরগোড়ায় সেবা’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বৈঠকের শুরুতেই এ পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
“এ অর্জন ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যে সাফল্য ও অর্জন প্রধানমন্ত্রীর স্ট্রং কমিটমেন্ট ও পলিটিক্যাল উইলের ফলশ্রুতিতে হয়েছে, তাই এ পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়েছে, এজন্য মন্ত্রিসভা প্রধামমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কেও মন্ত্রিসভা আন্তরিক অভিনন্দন জানিয়েছে, কারণ এ ক্ষেত্রে তার একটি বিশাল ভূমিকা আছে।”
ডব্লিউএসআইএস পুরস্কার তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোগ ও বাস্তবায়নের বড় ধরনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে এবং ইউএনডিপি ও ইউএসএইডের কারিগরি সহায়তায় এটুআই প্রকল্প প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে।
দেশের সব ইউনিয়ন ও জেলায় তথ্য সেবাকেন্দ্রসহ বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে এটুআই।
