২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউএসআইএস পুরস্কার পেল এটুআই

‘ওয়াল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৪’ পেয়েছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নকারী প্রকল্প একসেস টু ইনফরমেশন (এটুআই)।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 05:23 PM

Updated : 25 Apr 2022, 04:18 PM

মঙ্গলবার জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দফতরে বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জনগণের দোরগোড়ায় সেবা ক্যাটাগরিতে এটুআই এ পুরস্কার লাভ করে।

এটুআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে নিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১’ বাস্তবায়ন এবং ৫ বছরের মধ্যে মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।

এই প্রথম বাংলাদেশের কোনো উদ্যোগ ওয়াল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির চূড়ান্ত পর্যায়ে পুরস্কৃত হল।

ডব্লিউএসআইএস এর প্রকল্প পুরস্কার তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোগ ও বাস্তবায়নের বড় ধরনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের নেতৃত্বে এবং ইউএনডিপি ও ইউএসএইড-এর কারিগরি সহায়তায় এটুআই প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে।

প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, জেলা তথ্য সেবা কেন্দ্রসহ বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক ই-সেবা দিয়ে আসছে এটুআই।