টেন্ডার সন্ত্রাসে শিশু খুন: এক বছরেও হয়নি অভিযোগপত্র
চট্টগ্রামে রেলের ৪৮ লাখ টাকার কাজের দরপত্র নিয়ে যুব ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে গোলাগুলিতে শিশুসহ দুইজন নিহতের মামলায় এক বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।
অভিযোগপত্র তৈরির কাজ চলছে- পুলিশ এমন দাবি করলেও কবে তা জমা দেয়া হবে তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।
গত বছরের ২৪ জুন চট্টগ্রামের সিআরবি সাত রাস্তার মোড়ে রেলের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের সামনে দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় যুব ও ছাত্রলীগের দুটি গ্রুপ।
সংঘর্ষের সময় গুলিতে যুবলীগকর্মী সাজু পালিত এবং শিশু আরমান হোসেন টুটুল (৮) নিহত হয়।
ঘটনার পর পুলিশ সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বদানকারী ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম লিমনসহ ৫২ জনকে গ্রেপ্তার করে। ওই ঘটনার জেরে লিমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এছাড়া তিনদিন পর ২৭ জুন ঢাকা থেকে যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, রিটু দাশ বাবুলসহ পাঁচজন এবং পরে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার দিনই কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমান বাদী হয়ে দুই সংগঠনের ৮৭ জন নেতাকর্মীকে আসামি করে মামলা করেন, যাতে লিমন, বাবর এবং দু’জনের অনুসারীদের নাম রয়েছে।
পরে একই বছরের ১৬ জুলাই নিহত যুবলীগকর্মী সাজু পালিতের মা মিনতি পালিত বাদী হয়ে যুবলীগ নেতা বাবরের হেলাল অনুসারী অজিত বিশ্বাসকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা করেন।
সাজু ও অজিত দুজনই বাবরের অনুসারী হলেও এ হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ উল্লেখ করে মামলায় অজিতকে প্রধান আসামি করা হয়। অজিতকে একবছরেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
একই ঘটনায় দুটি মামলা হলেও একটি মামলা হিসেবেই তদন্ত করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে আসামিরা সবাই জামিনে আছেন।
মামলায় দ্রুত অভিযোগপত্র জমা দেয়ার কাজ চলছে বলেও দাবি করেন তিনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনায় জড়িতরা সবাই নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।
মামলার আসামিরা চট্টগ্রামে সরকারদলীয় প্রধান দুই নেতার অনুসারী হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া নিয়ে তদন্ত কর্মকর্তা দোলাচলে রয়েছেন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক কর্মকর্তা মন্তব্য করেন।
তবে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার এ অভিযোগ অস্বীকার করে বলেন, “সাক্ষী না পাওয়ায় অভিযোগপত্র তৈরিতে কিছুটা দেরি হচ্ছে।
“এটি একটি বড় অপরাধমূলক ঘটনা। এধরনের ঘটনায় মানুষ সাক্ষি দিতে আগ্রহ দেখায় না।”
পুলিশের এই কর্মকর্তার দাবি, ঘটনার সঙ্গে জড়িতরা যাতে পার পেয়ে না যায় সেজন্য ‘ভালোভাবে’ অভিযোগপত্র তৈরির কাজ চলছে।
টেন্ডার নিয়ে গোলাগুলিতে প্রাণ গেল শিশুসহ দুজনের
টেন্ডার সন্ত্রাস: যুবলীগ নেতা বাবরসহ গ্রেপ্তার ৬
টেন্ডার নিয়ে খুনের প্রধান আসামি জামিনে মুক্ত
