২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওসিকে টাকা দিতে হয়’ ডলার প্রতারক চক্রের (অডিও)

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ডলার প্রতারক চক্রের সদস্যরা থানার ওসিকে টাকা দিয়ে কাজ চালায় বলে অভিযোগ উঠেছে

দিনাজপুর প্রতিনিধি

মোর্শেদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 05:10 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

ডলার প্রতারক চক্রের মূল হোতা করিমুল ইসলাম র‌্যাবের জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৯ জুন) দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালানোর সময় ডলার প্রতারক চক্র র‌্যাবের উপর হামলা চালায়। ওইদিনই র‌্যাব করিমুল ইসলামসহ এ চক্রের সাত জনকে আটক করে।   

এর দুদিন পর (২১ জুন) র‌্যাবের দিনাজপুর কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের উপস্থিতিতে তিনি বীরগঞ্জ থানার ওসি সম্পর্কে নানা তথ্য প্রকাশ করেন।

করিমুল জিজ্ঞাসাবাদে জানান, বীরগঞ্জ থানার লাইনম্যান হিসেবে পরিচিত শাহজাহানের মাধ্যমে ওসি আরমানকে প্রতি মাসেই তারা টাকা দেন।

র‌্যাবের উপর হামলা ঘটনার আগের দিনও করিমুলের কাছে ওসি আরমান অগ্রিম ২০ হাজার নিয়েছেন বলে করিমুল জানান। 

ডলার প্রতারণার কৌশল প্রসঙ্গে করিমুল জানান, ডলার ক্রেতাকে প্রথমে কম দামে অল্প পরিমাণ আসল ডলার দেয়া হয়। বিশ্বস্ততা পেয়ে পরবর্তীতে মোটা অংকের টাকা নিয়ে ডলার নিতে আসে ক্রেতারা। তখন তাদের জাল ডলার দেয়া হয়।

এ সময় ডলার চক্রের একটি গ্রুপ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হাজির হয়। এ সময় করিমুলও নিজেকে ইউপি সদস্য পরিচয়ে উপস্থিত হয়ে গ্রেপ্তার এড়াতে ডলার ক্রেতাদের টাকা রেখে চলে যেতে পরামর্শ দেন এবং তারা ভয়ে চলে যায়।

পরে ওই টাকা থেকে ওসির জন্য নির্দিষ্ট অংক রেখে অবশিষ্টটা নিজেরা ভাগ করে নেন।

করিমুল গত দেড় বছর ধরে এই অপকর্ম করে এ পর্যন্ত এক লাখ টাকা আয় করেছেন বলে জানান।

আরমানের আগে যারা এই থানায় ওসি ছিলেন তাদের সকলকেই তারা টাকা দিয়ে এই কাজ করেছেন উল্লেখ করে করিমুল বলেন, পুলিশকে টাকা না দিয়ে অপরাধ করার ক্ষমতা কারো নেই।

করিমুল আরো জানান, পুলিশের কারণেই তিনি এই কাজ ত্যাগ করতে পারছেন না। পুলিশকে টাকা না দিলেই বিভিন্ন মামলায় জড়িয়ে দেয়।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প অধিনায়ক মেজর খালিদ ইবনে হোসাইন ডলার প্রতারক চক্রের সঙ্গে ওসি আরমানের সম্পৃক্ততার কথা নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করিমুলের মোবাইলে বীরগঞ্জ থানার ওসি আরমানের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর পাওয়া গেছে এবং কল লিস্টে দেখা গেছে র‌্যাবের অভিযানের দিন সকালেও ওসি আরমান এবং করিমুলের মধ্যে কথা হয়েছে।

ওসির ভুমিকা র‌্যাব সদর দপ্তরে জানানো হয়েছে বলেও তিনি জানান।

করিমুলকে আটক করা হয় ডলার ক্রেতার ছদ্মবেশে 

গত ১৯ জুন র‌্যাবের দুই সদস্য এসআই দুলাল ও কনস্টেবল খায়রুল ছদ্মবেশে বীরগঞ্জ উপজেলায় মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামে করিমুলের কাছে ডলার কিনতে যান।

করিমুলের কাছ থেকে ডলার নেয়ার পর র‌্যাব তাকে আটকের চেষ্টা করলে করিমুলসহ তার লোকজন আকষ্মিক হামলা চালায়। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে করিমুলকে আহত অবস্থায় আটক করে।

পরে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা ওইদিন বিকালে বীরগঞ্জের মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামে ডলার প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালায় এবং আরো ছয় জনকে আটক করে। তাদের কাছ থেকে বেশকিছু জাল ডলার উদ্ধারও করা করে। 

তাদের কুড়ালের আঘাতে আহত এসআই দুলাল ও কনস্টেবল খায়রুলকে রংপুর সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।

এছাড় আহত করিমুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়ার পর শনিবার আদালতে হাজির করা হয়।