মেডিকেল শিক্ষার্থী তকির ওপর হামলাকারী গ্রেপ্তার
ময়মনসিংহ মেডিকেল কলেজের এক শিক্ষার্থী রেজা হাসান তকিকে কুপিয়ে জখম করার মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে নাওজোর এলাকা থেকে আসামি লিমনকে (২২) গ্রেপ্তার করে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের একটি দল।
ওই থানার এসআই খন্দকার সাকের জানান, গোপন সংবাদ পেয়ে নাওজোর এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, তকির ওপর হামলাকারী প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় শিক্ষার্থীরা লাগাতার ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
গত ১৪ জুন সকালে ময়মনসিংহ শহরের কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তকিকে কুপিয়ে আহত করে করে স্থানীয় সন্ত্রাসী লিমন ও তার সহযোগীরা।
তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
ওই হামলার ঘটনায় তকির ভগ্নিপতি মো. কবির হোসেন ১৬ জুন লিমনকে প্রধান আসামি করে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একটি মামলা করেন।
