২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেল ছাত্রের উপর হামলা, ধর্মঘট শুরু

ময়মনসিংহ মেডিকেল কলেজের এক শিক্ষার্থী দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 06:28 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শনিবার সকালে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন এমবিবিএস ৪র্থ বর্ষের ছাত্র রেজা হাসান তকি। দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে এ হামলার প্রতিবাদ এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষানবিশ চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।

তকির কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা নেশা করার জন্য টাকা দাবি করে না পাওয়ায় এবং বিভিন্ন সময়ে নেশাদ্রব্য গ্রহণে তাদেরকে বাধা দেয়ায় এ হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে তকি শহরের ভাটিকাশর নিজ বাসা থেকে পাশ্ববর্তী মেডিকেল কলেজের লাইব্রেরিতে যাওয়ার পথে এলাকার চিহ্নিত সন্ত্রাসী লিমনের নেতৃত্বে ৫/৬ জন যুবক পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত তকিকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে তাকে হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়মনসিংহ মেডিকেলের কর্তব্যরত সার্জন ডা. শফিকুর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাতে তকির ফুসফুস ছিদ্র হয়ে যাওয়ায় অবস্থা সংকটাপন্ন হয়েছে।  

শিক্ষানবিশ চিকিৎসক তুহিন সাংবাদিকদের জানান, তকির উপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় না আনা পর্যন্ত এই র্ধমর্ঘট অব্যাহত থাকবে।