২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশবাহী বাসের চাপায় নিহত ১(ভিডিওসহ)

সিরাজগঞ্জে পুলিশবাহী বাস পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়ার পর এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 11:50 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের এম এ মতিন বাস টার্মিনালের কাছে এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন বলে সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানিয়েছেন।

নিহতের আনুমানিক বয়স ৫৫ থেকে ৫৭ বছর বলে পুলিশ জানিয়েছে। কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি।

সিএনজি অটোরিকশার আহত যাত্রী শহরের রেলওয়ে কলোনির সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “বাজার স্টেশন থেকে নলকাগামী অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পুলিশবাহী বাসটি পেছন থেকে চাপা দেয়।

“এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে আমিসহ এতে থাকা ৪জন আহত হন।”

ওসি হাবিবুল ইসলাম জানান,  আহতদের মধ্যে ৩জনকে সদর হাসপাতালে নেয়া হলে ওই বৃদ্ধ মারা যান।

তিনি জানান, শাহজাদপুর উপজেলায় ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা ওই বাসে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ফিরছিলো।

ঘটনার পর বাস ও অটোরিকশাটি আটক করা হয়েছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হাবিবুল।