সংলাপ হবে ২০১৯ সালের নির্বাচন নিয়ে: তোফায়েল
নির্বাচন নিয়ে আলোচনার উদ্যোগ সব সময়ই আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আলোচনা হলে তা হবে ২০১৯ সালের নির্বাচন নিয়ে।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে রোববার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তোফায়েল বলেন, “নির্বাচন হয় পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পর আরেকটা নির্বাচন হবে। আর সেই নির্বাচন নিয়ে যে কোনো সময় আলোচনা হতে পারে।
“আমরা তো তত্ত্বাবধায়ক সরকার মানব না। আর তারা তো এই সরকারের অধীনে নির্বাচনই করে নাই।”
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফরে তিস্তা চুক্তি, করিডোরসহ দুই দেশের অনিষ্পন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য যেন আমরা বাড়াতে পারি সে বিষয়েও আলোচনা হবে।
তিন দিনের সফরে আগামী ২৫ জুন ঢাকা আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
ভারতে ক্ষমতার বদল হলেও পররাষ্ট্র নীতির বদল হয় না দাবি করে তোফায়েল বলেন, “ভারতে নির্বাচনের পর কোনো কোনো রাজনৈতিক দল এমন ভাব দেখিয়েছিল যে মনে হয় যেন তারাই ক্ষমতায় এসেছে।”
তামাক ও মাদকদ্রব্য ছাড়া অন্য সব পণ্য ভারতে শুল্কমুক্ত রপ্তানির বিষয়ে বিজেপি সরকার ক্ষমতায় থাকার সময়ই চুক্তি হয়েছিল বলে জানান বাণিজ্যমন্ত্রী।
