২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিকাশের দুই এজেন্টকে কুপিয়ে ও পিটিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 05:32 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার দুপুরে উপজেলার বালিয়াখোড়া এলাকায় এ হামলায় আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন আতোয়ার হোসেন (৩০) ও আবদুল আলিম (২৮)।

ঘিওর থানার ওসি মো. শওকত আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে ঘিওর উপজেলার বিভিন্ন এজেন্টদের কাছে টাকা পৌঁছে দিতে তিন লাখ টাকা নিয়ে শহরের বিকাশের কার্যালয় থেকে বের হন আতোয়ার ও আলিম।

সাড়ে ১২টার দিকে বালিয়াখোড়া এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মোটরসাইকেল থামিয়ে চাপাতি ও লোহার রড দিয়ে আঘাত করে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত। এরপর তাদের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।