২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল বর্ষণে খাগড়াছড়ির দুই উপজেলা প্লাবিত

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই হাজার পরিবার।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 02:15 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

গত বৃহস্পতিবার থেকে টানা চারদিনের বৃষ্টিতে দীঘিনালার মেরুং ইউনিয়ন এলাকার একটি বেইলি ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় দীঘিনালার সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় দীঘিনালার মেরুং ইউনিয়নের নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই ইউনিয়ন চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।

দীঘিনালার ইউএনও ফজলুল জাহিদ পাভেল বলেন, বর্ষণ অব্যাহত থাকায় পরিস্থিতির আরো অবনতির আশংকা দেখা দিয়েছে।

চার দিনের প্রবল বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের সোবানপুর, হাজাছড়া, ছোটমেরুং, বাদলছড়ি, বড়মেরুং, জালবান্দা, মেরুংপাড়া, বাঁচা মেরুং, বেতছড়ি ও খাগড়াছড়ি পৌর এলাকার শান্তিনগর, গঞ্জপাড়া, মুসলিমপাড়া আনন্দনগর, সিঙ্গিনালা ও শ্মশানঘাটসহ ১৫টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়াও বসত বাড়ি তলিয়ে যাওয়ায় দীঘিনালা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় দুইশত পরিবার স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।

এদিকে খাগড়াছড়ি পৌর এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছালেও দীঘিনালার দুর্গতের মাঝে কোনো ত্রাণ সহায়তা না পৌঁছায় অসহায় দিন কাটাচ্ছেন সেখানকার পানিবন্দি মানুষজন।

তবে দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে বলে দাবি করেন দীঘিনালার ইউএনও ফজলুল জাহিদ পাভেল।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম জানান, পৌর শহরের শান্তিনগর, আনন্দ নগর গঞ্জপাড়া, সিঙিনালায় দুর্গতদের নামের তালিকা করা হচ্ছে। এছাড়াও পৌর এলাকায় পৌরসভার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।