খুলনায় কলেজছাত্র খুন
খুলনার মহানগরীর দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রুবেল মোল্লা (২২) নামে ওই ছাত্রকে ছুরিকাঘাত করা হয় বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
রুবেল সরকারি বিএল কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ও নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার বাসিন্দা মোল্লা আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
নগরীর আড়ংঘাটা থানার ওসি আবু মুছা খন্দকার ও দৌলতপুর থানার ওসি মো. গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে রুবেল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে জোর করে দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার একটি বাড়ির সামনে নিয়ে যায়।
ওই বাড়ির সামনের রাস্তার ওপর দুর্বৃ্ত্তরা তাকে মারধর ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত রুবেল মোবাইল ফোনে খবর দিলে তার বড় ভাই এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
