২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জ উপ-নির্বাচনে সেনা মোতায়েন দাবি

নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে এস এম আকরাম সমর্থিত নারায়ণগঞ্জ নাগরিক পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 09:34 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ‘গুম, হত্যা, অপহরণ রুখে দাড়াও জনগণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সদস্য সচিব মাহবুবুর রহমান মাসুম এতে লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

লিখিত বক্তব্যে মাসুম বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি পরিবার নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আগামী ২৬ জুন নির্বাচনে ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। 

তিনি অভিযোগ করেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমানের শোক সভার নামে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন সেলিম ওসমান। জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের সমর্থকরা ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে। 

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সেলিম ওসমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করেছে বলেও তিনি অভিযোগ করেন।

বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি উল্লেখ করে তিনি সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

একই সঙ্গে ভোট কেন্দ্রে দ্বিগুণ পুলিশ সদস্যর পাশাপাশি র‌্যাব মোতায়েন এবং ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনেরও দাবি জানান।

নাসিম ওসমানের মৃত্যুর পর এ আসনটি শূন্য হয়। আগামী ২৬ জুন এখানে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।