ফেনীতে মুহুরী নদীর বাঁধে ভাঙন
তিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
উত্তর শ্রীপুর জয়পুর ও দেড়পাড়া অংশে এ ভাঙনের ফলে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে এসব গ্রামের প্রায় ১০-১২ হাজার পরিবার।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন জানান, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এছাড়া ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে ফুলগাজীর উত্তর শ্রীপুর গ্রামের মুহুরী নদীর বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মুক্তিযোদ্ধা নুর উল্লাহ চৌধুরীর বাড়ির পাশে মুহুরী নদীর বেড়ি বাঁধে ভাঙনে বাঁধের প্রায় ৪০ মিটার ডেবে গেছে। এতে বাঁধের পাশে থাকা বেশ কয়েকটি ঘরবাড়ি, মাছের খামার, পুকুর ও রাস্তা-ঘাট প্লাবিত হয়েছে।
ভাঙন ক্রমেই বড় আকার ধারণ করছে বলে জানান তিনি।
এছাড়া আরো বর্ষণের ফলে নদীর পানি প্রবেশ করলে পার্শ্ববর্তী এলাকা সদর ইউনিয়নের শ্রীপুর, গোসাইপুর, শালধর, নিলক্ষ্মী, বিজয়পুর, দরবারপুর ও মুন্সিরহাট ইউনিয়নের প্রায় ২০ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।
ফেনী পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী উত্তর শ্রীপুর গ্রামে মুহুরী নদীর বাঁধে আংশিক ভাঙনের বিষয় নিশ্চিত করে বলেন, ভেঙে যাওয়া অংশটি মেরামতের চেষ্টা চলছে।
শনিবার রাত ৮টায় তিনি বলেন, মুহুরী নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, রাতে বেড়ে যাওয়া আশংকা রয়েছে।
