‘চোর’ চক্রে রোহিঙ্গারা
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে আটক তিন রোহিঙ্গা শরণার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে পুলিশ বলেছে, শরণার্থী শিবির থেকে বের হয়ে বিভিন্ন জেলায় এরা চুরি করে আসছিল।
এই তিনজন হলেন- মো. হারুন (২৪), সগির (২১) ও জিয়াউর রহমান ওরফে জিন্না (২১)।
গত শুক্রবার রাতে তাদের আটকের পর শনিবার বিকালে তা গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।
আটক তিনজনই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার করা পাঁচটি মোবাইল ফোন সেটই চুরি করা বলে দাবি পুলিশের।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তিনজনই পরিবারের সঙ্গে শৈশবে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে।
“এরপর তারা শরণার্থী শিবিরে ছিল। সেখান থেকে বিভিন্ন সময় বের হয়ে তারা কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম নগরী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুর জেলায় গিয়ে চুরি করে।”
