২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে হাঁটু পানি, দুর্ভোগে শহরবাসী

তিন দিনের ভারি বর্ষণে শরীয়তপুর পৌরসভায় বিভিন্ন স্থানে পানি জমে গেছে। শহরের বেশিরভাগ পাকা সড়ক ও বসত বাড়ির আঙ্গিনা হাঁটু পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 05:31 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, জেলা শহরের এই পৌরসভাটিতে বর্তমানে প্রায় একলাখ মানুষের বাস। এই বিপুল জনসংখ্যার পৌরশহরে রয়েছে মাত্র সাড়ে ৫ কিলোমিটার ড্রেন, যার ৯০ শতাংশই রক্ষাণাবেক্ষণের অভাবে অকেজো ও ভরাট অবস্থায় রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সবচেয়ে বেশি জলাবদ্ধতার শিকার ১, ৩ ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা। পৌরসভার ৮/১০টি খালের কোনোটি সম্পূর্ণ আবার কোনোটি আংশিক ভরাট কিংবা দখল হয়ে গেছে।

এসব স্থানে সরকারি বিভিন্ন দপ্তরসহ প্রভাবশালীরা স্থাপনা তৈরি করেছে। এছাড়া ড্রেনেজ ব্যবস্থাও ভালো নয়।

বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে পৌরসভার নিরালা, শান্তিনগর, রূপনগর, পালং, স্কুল রোড, নিরালা আবাসিক এলাকা, তুলাসার ঋষিপারা, আঙ্গারিয়া দাস পাড়া, ঋষিপাড়া, নীলকান্দি, কাশাভোগ, স্বর্ণঘোষ, মধ্যপাড়া, কাগদি, বালুচরা, চরপালং, বাঘিয়া ও ধানুকা মৌজার অধিকাংশ আবাসিক এলাকা।

এসব এলাকার প্রায় ১০ হাজার পরিবার দুর্ভোগের শিকার হয়েছেন।

পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা আতাউর রহমান বলেন, পৌরসভা হওয়ার আগে অনেক ভালো ছিলাম। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায়।

শরীয়তপুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সালামত খান বলেন, বছর বছর পৌর কর বৃদ্ধি করলেও আমরা কোনো নাগরিক সুবিধা পাই না। সামান্য বৃষ্টি হলেই চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়।

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সি বলেন, “আমরা সব সময়ই পৌরবাসীকে যথাযথ নাগরিক সুবিধা প্রদানের চেষ্টা চালিয়ে আসছি। পৌরসভায় বেশকিছু ড্রেন নির্মাণ করা হয়েছে। আরো প্রয়োজন। তবে পর্যাপ্ত অর্থ ও সরকারি সহায়তা না থাকায় পরিকল্পনা ও প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারছি না।”

১৯৮৫ সালে ২৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে শরীয়তপুর পৌরসভা গঠন করা হয়। ১৯৯৮ সালে পৌরসভাটিকে দ্বিতীয় শ্রেণি ও ২০০৭ সালে প্রথম শ্রেণির পৌরসভায় রূপান্তর করা হয়।