বাংলাদেশেই গড়ে উঠবে গুগল-ফেইসবুক: জয়
তথ্য প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশে ভবিষ্যতে গুগল, ফেইসবুকের মতো প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেছেন, একসময় বাংলাদেশের তথ্য প্রযুক্তিপণ্য প্রধান রপ্তানি দ্রব্য তৈরি পোশাককেও ছাড়িয়ে যাবে বলে তিনি স্বপ্ন দেখছেন।
প্রধানমন্ত্রীপুত্র তরুণ এই তথ্য প্রযুক্তিবিদ শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শনিবার সকালে তথ্য প্রযুক্তি খাতের কয়েকশ’ কর্মী, উদ্যোক্তার সঙ্গে মতবিনিময় করেন।
গত পাঁচ বছরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, “আমিও চাই গুগল, ফেইসবুকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে হোক। এক্ষেত্রে একটা সমস্যা হয় ফাইন্যান্সিং।
“আমেরিকাতে যখন একটা ইনোভেশন হয় তখন সেটার সহায়তা সরকার থেকে পাওয়া যায় না। বেসরকারি খাত থেকে সহায়তা করে।”
তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবনে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশেও চেষ্টা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় বলেন, “এটা হলে, আমার মনে হয় নেক্সট গুগল বা ফেইসবুক আমাদের দেশ থেকে হবে।”
তথ্য প্রযুক্তি বাণিজ্য বাড়ানোর জন্য ১০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসছে বলে জানান তিনি। এছাড়া দেশের বেসরকারি বিনিয়োগও আকৃষ্টের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বাংলাদেশে বর্তমান প্রায় ৫ লাখ ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার রয়েছেন। এই সংখ্যা আরো বাড়ানো এবং ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য সরকার ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্প বাস্তবায়ন করছে।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তিনি বলেন, “আমরা ইইএফ (ইক্যুইটি অ্যান্ড অনট্রাপ্রিনিয়ারশিপ) নিয়ে চিন্তা করেছি। কিন্তু ইইএফ ফ্রিল্যান্সারদের জন্য উপযুক্ত নয়। জামানত ছাড়া ফ্রিল্যান্সারদের কিভাবে ঋণ দেয়া যায়, তা নিয়ে আমি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে আলোচনা করবো।”
মতবিনিময় সভায় বড় একটা অংশজুড়ে আলোচনায় এসেছে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র নিয়ে।
জয় বলেন, “গত মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথম যখন শুরু করি তখন স্বপ্ন প্রতিটি গ্রামে একটি করে ক্যাফে বা ইন্টারনেট সেবাদান তথ্য কেন্দ্র গড়ে তোলা। কিন্তু প্রথম পাঁচ বছরে এটি করা সম্ভব নয় বলে ইউনিয়নে করেছি আমরা।
“তবে সাড়ে চার হাজার তথ্যকেন্দ্র দিয়ে সব মানুষকে সেবা দেয়া সম্ভব নয়। পরিকল্পনা আছে এ তথ্য কেন্দ্র আরো বাড়ানোর।”
ইউনিয়ন তথ্যকেন্দ্রগুলো থেকে ৭০ ধরনের সেবা দেয়া হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। সেখান থেকে বিদেশে চাকরির জন্য গমনেচ্ছুরাও নিবন্ধন করতে পারছেন।
জয় জানান, ২০২১ সালের মধ্যে সব ধরনের সরকারি সেবা ডিজিটালাইজড হয়ে যাবে।
আগামী পাঁচ বছরে ফ্রিল্যান্সার তৈরি, অবকাঠামো উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি পণ্যের রপ্তানি বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
অনুষ্ঠানের সঞ্চালক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি পণ্যের রপ্তানি ২০ মিলিয়ন (২ কোটি) থেকে ২৫০ মিলিয়নে (২৫ কোটি) নিয়ে যাওয়া হয়েছে।
সম্প্রতি বেসিস ‘ওয়ান বাংলাদেশ’ রূপকল্পে ২০১৮ সালের মধ্যে তথ্য-প্রযুক্তি পণ্য রপ্তানি ১০০ কোটি ডলারে নিয়ে যাওয়া এবং আইটি পেশাদারের সংখ্যা ১০ লাখ করার ক্যাম্পেইন ঘোষণা করেছে।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অনুষ্ঠানে একজন ফ্রিল্যান্সার বলেন, আইটি খাতের উন্নয়নের জন্য বেশি গতির ইন্টারনেট এবং বিদ্যুৎ সংযোগ দরকার। এ বিষয়ে সরকারের পরিকল্পনা কী?
জয় বলেন, “বিদ্যুতের অভাব নেই। সমস্যা রয়েছে সঞ্চালন ও বিতরণ লাইনে। এটা বাড়ানোর কাজ চলছে। ইন্টারনেটের ক্ষেত্রেও ব্যান্ডউইডথের অভাব নেই, কিন্তু বিতরণ নেটওয়ার্কে সমস্যা আছে।
“আমরা কিন্তু শুধু ফাইবার অপটিক কেবল না। আমরা নেক্সট জেনারেশন কানেক্টিভিটির ভেতর যাচ্ছি। আমরা গতবার থ্রিজি বাস্তবায়ন করেছি। পরবর্তীতে ফোর জি বাস্তবায়ন করব।”
সেই কাজ শুরু হয়েছে জানিয়ে জয় বলেন, এখন মোবাইল অপারেটররা যদি চায় তারা এখনি ফোর জিতে যেতে পারবে।
দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের আন্তরিকতার উল্লেখ করে জয় বলেন, “গত সাড়ে পাঁচ বছরে আওয়ামী লীগ সরকার করে দেখিয়েছে যে, আওয়ামী লীগ সরকার পারে। স্বচ্ছ সরকার থাকলে সম্ভব, ইচ্ছা থাকলে সম্ভব। একমাত্র আওয়ামী লীগ সরকারই এটা পেরেছে।
“সাড়ে পাঁচ বছর আগে ডিজিটাল বলে কিছুই ছিল না সরকারে। ডিজিটাল বলে ছিল একটি কম্পিউটার কেনা, একটি ফিল্টার কেনা, এইটাই ছিল ডিজিটাল। আজকে আপনারাই প্রমাণ ফ্রিল্যান্সাররা, উদ্যোক্তারা যে, এই আওয়ামী লীগ সরকার কোথা থেকে কোথায় নিয়ে এসেছে দেশকে।”
