সীমান্তে ৫৭টি স্বর্ণের বারসহ আটক ৪
বেনাপোল চেক পোস্ট দিয়ে সীমান্ত পার হওয়ার পর ৫৭টি স্বর্ণের বারসহ ভারতীয় চার নাগরিককে আটক করেছে সে দেশের শুল্ক কর্মকর্তারা।
বেনাপোল চেক পোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার দুপুরে আটক চারজনই পাসপোর্টে সীমান্ত অতিক্রম করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার জন পাসপোর্ট যাত্রী সোনার একটি বড় চালান নিয়ে বেনাপোল চেক পোস্ট দিয়ে ভারতে প্রবেশ করার সংবাদ পেয়ে পেট্রাপোল চেক পোস্টে দায়িত্বরত শুল্ক কর্মকর্তারা তাদেরকে আটক করেন।
পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৫৭টি সোনার বার উদ্ধার করে, যেগুলোর ওজন ৫ কেজি ৭০০ গ্রাম।
জাহাঙ্গীর হোসেন আরো বলেন, বেনাপোল চেক পোস্ট কাস্টমসে স্ক্যানার মেশিন থাকলেও তা ব্যবহার করা হয় না। স্ক্যানার মেশিন ব্যবহার করা হলে ওই চার জন ভারতীয় নাগরিককে বেনাপোলে আটক করা সম্ভব হতো।
কীভাবে সোনার চালানটি নিয়ে বাংলাদেশ চেক পোস্ট পার হয়ে নোম্যান্স ল্যান্ড এলাকায় পৌঁছাল গোয়েন্দা সংস্থার লোকজন তা খতিয়ে দেখছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
