মুন্সীগঞ্জে গুদামে আগুন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সুপার বোর্ডের একটি গুদামে আগুন লাগার ১৬ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার হোসেন্দীতে ‘সুপার বোর্ড মিলর্স লিমিটেডে’র গুদামে আগুন লাগার পর শুক্রবার সকাল ৭টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত করতে পারেনি। আগুনে দুইশ’ ফুট লম্বা ও একশ’ ফুট চওড়া এ গুদামের প্রায় পুরোটাই পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সহকারী পরিচালক রফিকুল বলেন, আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একত্রে কাজ করেছে। বিপুল পরিমাণ পাটখড়ি থাকার কারণে আগুন নেভাতে সময় লেগেছে।
তবে ফায়ার সার্ভিস বা সুপার বোর্ড মিলর্স লিমিটেডে কর্তৃপক্ষ কেউই আগুনে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেনি।
গজারিয়া থানার এসআই মো. দোহা জানান, ফায়ার সার্ভিসের কুমিল্লার দাউদকান্দি, নারায়ণগঞ্জ সদর, ডেমরা, হাজিগঞ্জ, বন্দর এবং ঢাকার ফুলবাড়িয়া হেডকোয়ার্টারসহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
পুরো ঘটনার তদন্ত এবং তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে বলে জানান এসআই।
