২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সঙ্গে বৈঠক সফল: বিজিবি মহাপরিচালক

বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত রক্ষায় নিয়োজিত দুই বাহিনীর সর্বোচ্চ পর‌্যায়ের বৈঠক সফল হয়েছে বলে দাবি করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 01:31 AM

Updated : 22 Aug 2022, 06:32 PM

গত ১০ থেকে ১৩ জুন মিয়ানমারের রাজধানী নে পি তোতে অনুষ্ঠিত বৈঠকে যোগদান শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরে এক সংবাদ সম্মেলন একথা জানান বিজিবি প্রধান।

বিজিবির সদর দপ্তর পিলখানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারেটি অর্গানাইজেশন (আরএসও) বাংলাদেশে অবস্থান করছে বৈঠকে তারা অভিযোগ তোলে।

“কিন্তু তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, আরএসও বাংলাদেশে নেই। বাংলাদেশ এ ধরনের সন্ত্রাসী কোন সংগঠনকে আশ্রয়পশ্রয় দেয় না।”

তিনি জানান, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় মাদক, অস্ত্র, মানব পাচার ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া দুই বাহিনীর সদস্যদের মধ্যে তথ্য আদান-প্রদান করা বিষয়টিও আলোচনায় ছিল।  

এসব বিষয় নিয়ে দুই পক্ষই একমত হয়েছে বলে জানান মহাপরিচালক।

সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার একটি প্রস্তাব কাছে তুলে ধরা হলে তারা তা পর্যালোচনা করবে বলে বাংলাদেশ প্রতিনিধি দলকে জানায়। এছাড়া তাদের পক্ষ থেকে বর্ডার লিয়াঁজো অফিস (বিএলও) স্থাপনের প্রস্তা্ব দিলে তা সমর্থন করা হয় বলে জানান তিনি।

বিজিবির আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী অক্টোবর-নভেম্বরের দিকে মিয়ানমার পুলিশ ফোর্স প্রধান বাংলাদেশে আসতে পারেন বলেও সংবাদ সম্মেলনে জানান মেজর জেনারেল আজিজ।