ছেলে-ভাইয়ের কাছে রোকনুজ্জামানের লাশ হস্তান্তর
চট্টগ্রামে পুলিশের হাতে আটকের পর মারা যাওয়া ব্যবসায়ী মো. রোকনুজ্জামানের লাশ তার ছেলে ও ভাইয়ের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পুলিশ রোকনের প্রথমপক্ষের ছেলে তায়েবুজ্জামান ও ভাইয়ের কাছে হস্তান্তর করে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক।
এদিকে বুধবার গভীর রাতে আটকের পর পুলিশের নির্যাতনে রোকনের মৃত্যুর অভিযোগ ওঠার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সোর্স মো. জামালকে আটক করা হয়েছে।
নিহতের দ্বিতীয় স্ত্রী শিমু আক্তারের বড়ভাই এম ইলিয়াস জানান, রোকন জমি বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।
ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার।
তবে নিহত রোকন নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন বলে পুলিশের দাবি।
তিনি বলেন, “ওই মামলা করার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে পাওয়া ধর্ষণের আলামত সংক্রান্ত প্রতিবেদনও দেয়া হয়েছিল।”
এছাড়া প্রথম স্ত্রী পারভিন আক্তারের করা যৌতুকের মামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে ওসি দাবি করেন।
নিহতের পরিবারের দাবি, বুধবার রাতে বাকলিয়ার ছৈয়দ শাহ লেইনের বাসা থেকে গ্রেপ্তারের সময় পুলিশের মারধরে অসুস্থ হয়ে পড়েন রোকন।
ওই অবস্থায়ই তাকে পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর রাত দেড়টার দিকে তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়।
তবে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানিয়েছিলেন, রোকনুজ্জামানকে গ্রেপ্তার করার সময় অসুস্থবোধ করেন এবং তাকে চিনি দিতে বলেছিলেন। পরে পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
