মুন্সীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি বোর্ড তৈরির কারখানায় আগুন লেগেছে।
বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জ হোসেন্দীতে সুপার বোর্ড মিলস লিমিটেডে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
গজারিয়া থানার এসআই দোহা জানান, ফায়ার সার্ভিসের কুমিল্লার দাউদকান্দি, নারায়ণগঞ্জের ডেমরা, হাজিগঞ্জ, বন্দর এবং ঢাকার ফুলবাড়িয়া সদর দপ্তরসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তিনি বলেন, “কারখানার পাটখড়ির গোডাউন থেকে আগুনের সূত্রপাত হওয়ায় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।”
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি।
