চুয়েট খুলছে ৩ অগাস্ট
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩ অগাস্ট থেকে আবার ক্লাস শুরু হবে।
এর আগের দিন খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, সকালে চুয়েটের ভাইস চ্যান্সেলর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ জুন থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ওই ব্যাচের ওরিয়েন্টেশন হবে ৩ জুলাই।
গত সোমবার রাতে ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একজন আহত হওয়ার পরদিন উপাচার্যের সভাপতিত্বে এক সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
ওইদিন বেলা ১২টার মধ্যে ছাত্র এবং বিকাল ৫টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
চুয়েটে একটি ছাত্রীহলসহ পাঁচটি হল রয়েছে।
