২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েট বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 11:00 AM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার বেলা ১২টার মধ্যে ছাত্রদের এবং বিকাল ৫টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

চুয়েটে একটি ছাত্রীহলসহ পাঁচটি হল রয়েছে।

চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাত ৮টার দিকে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে একজন আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর উপাচার্যের সভাপতিত্বে সকাল ১০টার দিকে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।” তবে স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস ও পরীক্ষা চলবে। রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আশুতোষ সাহা জানান, দুইপক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী জিম মেকানিক্যাল বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত ১০ জুন ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয় এবং চুয়েটের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।