বেগম মুজিবের নামে পদ্মা সেতু নামকরণের প্রস্তাব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেসা মুজিবের নামে ‘পদ্মা সেতু’র নামকরণের প্রস্তাব করেছে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
তার এই প্রস্তাব সমর্থন করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই প্রস্তাব করে ফিরোজ রশীদ বলেন, “পদ্মা সেতুর নির্মাণ কাজের চুক্তি হয়েছে। যোগাযোগ মন্ত্রী বলেছেন, ২০১৮ সালের মধ্যে এই সেতুতে যান চলাচল শুরু হবে। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে।
“এর একটি নাম থাকতে হবে। আমি এমন একজন মহিয়সী নারীর নামে এই সেতু করার প্রম্তাব করছি যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলনে পর্দার আড়ালে থেকে প্রেরণা জুগিয়েছেন। যিনি জাতির জনককে প্রেরণা দিয়েছেন। পত্রিকার হেডলাইনে থাকেননি, রাষ্ট্রীয় ক্ষমতার কাছে আসেন নাই।”
১২ হাজার ১৩২ কোটি টাকায় পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে চীনের রাষ্ট্রায়ত্ত এই কোম্পানিকে গত ২ জুন কার্যাদেশ দিয়েছিল সরকার।
প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ২০০ কোটি ডলার এবং কর্মী সংখ্যা ৭৫ হাজার।
পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে কয়েকটি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও দর প্রস্তাব জমা দিয়েছিল একমাত্র মেজর ব্রিজ কোম্পানি।
গত ২৬ জুন চূড়ান্ত দরপত্র আহ্বানের পর মূল সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ১৩ হাজার ৮৮৫ কোটি টাকা। চায়না মেজর ব্রিজ ১২ দশমিক ৬২ শতাংশ কম দর প্রস্তাব করে।
২০১১ সালে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ১৭২ কোটি ১৭ লাখ টাকা, যা এখন আরো প্রায় ৩ হাজার কোটি টাকা বেড়েছে।
গত ২২ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে চীনা কোম্পানির দরপ্রস্তাব অনুমোদন দেয়া হয়।
বৃহস্পতিবার সংসদে ফিরোজ রশীদের প্রস্তাবে সমর্থন দিয়ে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বলেন, “যে প্রস্তাবটি আমার সহকর্মী দিয়েছেন ঠিকই দিয়েছেন। তার এই প্রস্তাব আমি সমর্থন করছি।”
তিনি বলেন, “ভাবী (ফজিলাতুন্নেছা মুজিব) কখনও বাইরে আসেননি। কিন্তু তার নির্দেশে তখন আওয়ামী লীগ চলেছে। পদ্মা সেতু তার নামে করা হলে মানুষ খুশি হবে।”
এর পরে স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম এবং রুস্তম আলী ফরাজীও এই প্রস্তাব সমর্থন করেন।
