শিক্ষা ও স্বাস্থ্যে বেশি বরাদ্দ চায় ১৪ দল
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে ১৪ দল।
বুধবার অর্থমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান।
দেশের উন্নয়নে শিক্ষা এবং সুস্বাস্থ্যের প্রয়োজনে এই দুই খাতে আরো বেশি বরাদ্দ দরকার বলে মত দেন তারা।
জাতীয় সংসদ ভবনের আইপিডি কনফারেন্স কক্ষে এই মতবিনিময় হয়।
বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও তারা বৈঠক করবেন।
প্রস্তাবিত বাজেট নিয়ে এই মতবিনিময় বিকাল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও অর্থমন্ত্রী না আসায় তা শুরু হয় সন্ধ্যা ৬টায়।
পরে এ বিষয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ থাকায় সময় মতো আসতে পারেননি তিনি।
১৪ দলের নেতাদের দাবির বিষয়ে মুহিত বলেন, “প্রস্তাবিত বাজেটের সকল ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো সম্ভব নয়। তবে অনেক ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হবে। রেভিনিউ বাড়ানোর জন্য জনশক্তি রপ্তানির খাত সতর্কতার সাথে আমাদের হ্যান্ডেল করতে হবে।”
মতবিনিময় সভায় জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, এই বিশাল বাজেট বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোকে যথাযথভাবে কাজ করতে হবে। দুটি খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক-এর একটি স্বাস্থ্য, অপরটি শিক্ষা।
জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্রযুক্তির ব্যবহার করা যায় কি না সে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ন্যাশনাল আওয়ামী পার্টি সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, “বেসরকারি খাত থেকে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ না হলে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। সেক্ষেত্রে বেসরকারি খাতে এই ৭৫ হাজার কোটি টাকা কী ভাবে বিনিয়োগ হবে সে বিষয়ে বাজেটে দিক নির্দেশনামূলক কিছু বলা নেই। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বাড়ানো উচিত।”
গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার বলেন, “কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়নি বাজেটে। ফলে এই টাকাগুলো দেশের বাইরে চলে যেতে পারে। তাই আমি মনে করি এই কালো টাকাগুলো সেবা-উৎপাদন খাতে বিনিয়োগের ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে ভেবে দেখা দরকার।”
তরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব মুত্তাকিল বিল্লাহ রাব্বানী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। ধর্ম মন্ত্রণালয়েরও বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, পার্বত্য চট্টগ্রামের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে তা গতবারের তুলনায় কম। পার্বত্য চট্টগ্রামের বাইরে ২০ লাখ ক্ষুদ্র নৃ-তাত্তিক গোষ্ঠী বসবাস করে তাদের জন্য যে বরাদ্দ তা আরো বাড়ানো যায় কি না সে বিষয়ে ভেবে দেখার প্রয়োজন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, সাবেক পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।
