টঙ্গীতে হাতবোমাসহ দুই যুবক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
টঙ্গী থানার এসআই শাহানা জমির জানান, বুধবার ভোর পৌনে ৪টার দিকে টঙ্গীর দত্তপাড়ার হিমারদীঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখানের আবছার উদ্দিনের ছেলে মো. শিপন (২৫) ও ময়মনসিংহের নান্দাইলের আবু বকর সিদ্দিকের ছেলে মো. হাবিবুর রহমান (২২) ওরফে হাতকাটা হাবু।
এরা হিমারদীঘি এলাকায় বসবাস করত বলে জানান তিনি।
এ ব্যাপারে দুপুরে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই শাহানা।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, “গ্রেপ্তার দুজন টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে।”
