নারায়ণগঞ্জের ভোটারদের তথ্য ওয়েবসাইটে আসছে
নারায়ণগঞ্জ উপ-নির্বাচনে প্রথমবারের মতো ভোটারদের তথ্য ওয়েবসাইটে দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে সফল হলে অন্যান্য নির্বাচনেও ভোটাররা ভোটকেন্দ্র ও ভোটার নম্বর অনলাইনে জানানোর সুযোগ দেয়া হবে।
ভোটের আগে প্রার্থীরা ভোটার স্লিপ বিতরণ না করার প্রবণতায় অনেককে ভোটকেন্দ্রে গিয়ে হয়রানিতে পড়তে হয়। ভোটার নম্বর খোঁজার বিড়ম্বনার কারণে ভোট না দিয়ে ফিরে আসার ঘটনাও ঘটেছে।
ইসি কর্মকর্তারা জানান, এ দুর্ভোগ অবসানে ভোটের আগে ইসির নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে নিজের ভোটার নম্বর ও ভোট কেন্দ্রের তথ্য সংগ্রহের সুযোগ করে দেয়া হচ্ছে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে পর্যালোচনা হবে। ইতোমধ্যে ইসি উদ্যোগী হওয়ায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এ নিয়ে কারিগরি প্রস্তুতি নিয়েছে।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলনাতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের উপ নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইসির ওয়েবসাইটে ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানানো সংক্রান্ত একটি প্রস্তাব মঙ্গলবার কমিশন বৈঠকে উপস্থাপন করব আমরা।
“অনলাইনে তথ্য পাওয়া ও কেন্দ্রভিত্তিক তালিকা দেয়া- এমন দুটি প্রস্তাব রাখবো আমরা। সার্বিক বিষয় পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।”
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বরিশাল উপনির্বাচনে মোবাইলে এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পরীক্ষামূলকভাবে দেয়ার প্রচেষ্টায় সফল হয়েছে ইসি। এ ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ উপনির্বাচনেও তা ব্যবহার করা হবে।
এবার অনলাইনে ভোট তথ্য দেয়ার পাশাপাশি কেন্দ্রভিত্তিক ভোটারদের তথ্য ওয়েবসাইটে দেয়া যায় কিনা-তাও উপস্থাপন করা হবে মঙ্গলবারের বৈঠকে। এক্ষেত্রে অনলাইনে ভোটাররা শুধু নিজ তথ্য জানতে পারবেন।
তবে ওয়েবসাইট কেন্দ্রভিত্তিক নাম, ভোটার নম্বর ও কেন্দ্রসহ ভোটার তালিকা দেওয়া হলেও তা কোনোভাবে প্রিন্ট করার সুযোগ থাকবে না। ভোটারদের নিরাপত্তা বিবেচনা করে এ প্রস্তাবটি ইসি গ্রহণ করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।
আগামী ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচন হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ ওয়ার্ড, ৪টি আংশিক ওয়ার্ড ও ৭টি ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত।
এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৪০৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩১১ এবং মহিলা ভোটার ১ লাখ ৬৮ হাজার ০৯৪ জন। সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ১৪১টি এবং ভোটার কক্ষ ৬৭৪ টি।
এ উপনির্বাচনে চারজন প্রার্থী রয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, মোহাম্মদ মামুন সিরাজুল মজিদ ও কৃষক, শ্রমিক, জনতা লীগের প্রার্থী শফিকুল ইসলাম।
জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমান মারা যাওয়ায় এ আসনে উপনির্বাচন হচ্ছে।
