২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিজিবির নির্যাতনে’ হাজতির মৃত্যু

বর্ডার গার্ড বাংরাদেশ (বিজিবি) সদস্যদের নির্যাতনে পঞ্চগড়ে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা।

সাইফুল আলম বাবু

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 10:13 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

শনিবার সকালে জহিরুল ইসলামকে আটক করে বিজিবি। রাতে তাকে জেলা কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়, এর ৪৫ মিনিট পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে সুরতহাল প্রতিবেদন ও বিকালে ময়নাতদন্তের পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জহিরুলের বাড়ি পঞ্চগড় সদরের গরিণাবাড়ি ইউনিয়নের গাড়িয়ানপাড়া গ্রামে।

হাসপাতালের রেকর্ড অনুযায়ী, শনিবার রাত সোয়া একটায় ‘গরু ব্যবসায়ী’ জহিরুলকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার পেটের ব্যাথা, রক্তশূন্যতা, মলদ্বারে রক্তক্ষরণ ও রক্তচাপ কমে যাওয়ার উপসর্গ ছিল। হাসপাতালে আনার ৪৫ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তার মৃত্যু হয়।

দুপুরে মেডিসিন ওয়ার্ডে (পুরুষ) কর্তব্যরত চিকিৎসক ডা. মোশারফ হোসেন জানান, রোগী ভর্তির নিবন্ধন খাতায় ‘পেটের ব্যথায় মৃত্যুর সম্ভাব্য কারণ’ বলে উল্লেখ আছে।

জহিরুলের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, জহিরুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারের আগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তার উপর ‘অমানবিক’ নির্যাতন চালিয়েছে।

তবে, বিজিবি এ অভিযোগ অস্বীকার করেছে।

জহিরুলের স্ত্রী, ছেলে ও স্বজনদের অভিযোগ, বিজিবির দায়ের করা একটি মামলায় ওই গ্রামের ১৩ বাসিন্দাসহ অজ্ঞাত বেশ কয়েকজন আসামি আছে। এদের মধ্যে জহিরুল ও তার দুই ছেলেও এজাহারনামীয় আসামি।

এ মামলায় জহিরুল ২৪ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন এবং গত ১৭ এপ্রিল জামিনে মুক্তি পান। এরপর থেকে হয়রানির আশঙ্কায় তিনি বাড়িতে রাত যাপন করেননি।

গত শুক্রবার (১৩ জুন) রাতে তিনি বাড়ি ফেরেন। পরদিন সকাল ১০টার দিকে মীরগড় ও মিস্ত্রিপাড়া বিওপির বিজিবির নয় জন সদস্য বাড়ি ঘেরাও করে তাকে আটক করে লুঙ্গির ভাঁজে গাঁজার পোটলা গুঁজে দেয়।

পরে বিজিবির স্থানীয় সদর দপ্তর থেকে আরো দুটি গাড়িতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন।

স্বজনরা জানান, এরপর পরিবারের সদস্য ও গ্রামবাসীর সামনেই হাত-পা ও কোমরে দড়ি বেঁধে মাটিতে শুইয়ে তাকে বেধড়ক পেটানো হয়। এ সময় কাউকে এগিয়ে আসতে দেয়া হয়নি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিন জন ইউপি সদস্য উপস্থিত থাকলেও তারা কেউ জহিরুলের সহায়তায় এগিয়ে আসেননি।

জহিরুলের স্ত্রী-পুত্ররা বলেন, প্রায় দুই আড়াই ঘণ্টা এ অবস্থা চলার পর ভ্রাম্যমাণ আদালত ডেকে গাঁজা ব্যবসার অভিযোগে তাকে এক বছর ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

পরে তাকে বিজিবি সদর দপ্তরে নিয়ে আরো মারপিট করা হয়। বিকালে তাকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

জেলা কারাগারের জেলার আব্বাস আলী জানান, শনিবার বিকালে জহিরুলকে কারাগারে গ্রহণ করা হয়। রোববার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তবে কারাগারে নেয়ার দিন জহিরুলের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।

জহিরুলের ভাতিজা ইসাহাক আলীর (২৫) অভিযোগ, মিস্ত্রিপাড়া বিওপির সুবেদার নায়েক দেলায়ারের নেতৃত্বে ৬/৭ জন বিজিবি সদস্য তার চাচাকে লাঠিসোটা দিয়ে ইচ্ছেমতো পেটায়। পেটে ও বুকে একের পর এক লাথি মারে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ কারণেই তার মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে কারাগারে স্বামীকে দেখতে গিয়েছিলেন তার স্ত্রী রেজিয়া খাতুন (৪০)।

তিনি সাংবাদিকদের জানান, “ওই সময় উমরাহ কোনো কথাই কহিবা পাচ্ছিলনাই। খালি কহেছিল, মুই আর বাঁচিবানুহু, ছুয়ালাক দেখিস।”

ওই গ্রামের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, “বৃদ্ধ জহিরুলকে নির্যাতনের দৃশ্য আমিও প্রত্যক্ষ করেছি। কিন্তু বিজিবি কাউকে সামনে যেতে দেয়নি।”

এ ব্যাপারে বিজিবি ১৮ রাইফেল ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর শামীম বলেন, জহিরুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে কোনো নির্যাতন করা হয়নি। এ কারণে তার পরিবারের অভিযোগও সত্য নয়। মাদকসহ পেয়ে বিজিবি সদস্যরা তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে।

লাশের সুতহাল প্রতিবেদন প্রস্তুতে সহায়তাকারী সদর থানার এসআই রঞ্জু আহম্দে জানান, মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।