২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের বাড়িওয়ালাকে খুঁজছে পুলিশ

কলকাতার বাগুইহাটির যে ফ্লাট থেকে দুই সহযোগীসহ নূর হোসেনকে ধরা হয়েছে সেই ফ্লাটের মালিককে খুঁজছে পশ্চিমবঙ্গ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শুভ্রকান্তি গুপ্ত, কলকাতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 07:23 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

গত শনিবার রাতে বাগুইহাটির একটি বহুতল ভবনের পাঁচতলার একটি ফ্লাট থেকে নূর হোসেনের সঙ্গে গ্রেপ্তার দুজনের বিস্তারিত পরিচয়ও খতিয়ে দেখছে পুলিশ।

ওবায়দুর রহমান ও সুমন খান নামের ওই দুজনকে রোববার নূর হোসেনের সঙ্গে আদালতে হাজির করা হলে তাদেরও আট দিনের রিমান্ডে পাঠায় আদালত।

বারাসাতের আদালতে নেয়ার পথে নূর হোসেনকে প্রশ্ন করতে সাংবাদিকদের বাধা দেন দীর্ঘকায় ও মোটা-সোটা শরীরের সুমন খান। এক পর্ায়ে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়েও জড়িয়ে পড়েন তিনি।

পশ্চিমবঙ্গের এক জ্যেষ্ঠ  পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুমন খান ও ওবায়দুর রহমান দুজনই বাংলাদেশি নাগরিক এবং তারা নূর হোসেনের সঙ্গে ভারতে ঢুকেছেন কি না অথবা তারা ভারতীয় নাগরিক এবং নূর হোসেনকে কলকাতায় আশ্রয় ও সহায়তা দিয়েছেন কি না তা আমরা তদন্ত করে দেখছি।”  

এ বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলার জন্য দায়িত্বপ্রাপ্ত না হওয়ায় নাম প্রকাশে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বোস বিমানবন্দরের নিকটবর্তী বাগুইহাটির ইন্দ্রপ্রস্থ অ্যাপার্টমেন্টের ৫০৩ নম্বর ফ্লাটের মালিককে সহজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না।

“আমরা ফ্লাট মালিককে খুঁজছি। তার ফ্লাট থেকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে শোনার পর স্বাভাবিকভাবেই মালিকের পুলিশের কাছে আসার কথা ছিল।

“কিন্তু নূর হোসেনের গ্রেপ্তারের খবর সংবাদ মাধ্যমে এতো গুরুত্ব পাওয়ার পরেও তিনি তা করেননি। তাই ফ্লাট মালিক পুলিশকে ফাঁকি দিতে চাইছেন-এমনটা মনে করার কারণ রয়েছে আমাদের,” বলেন ওই কর্মকর্তা।

বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর নূর হোসেনের মতো অপরাধীদের কলকাতায় যারা আশ্রয় দেয় তাদের খুঁজে বের করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

জ্যেষ্ঠ ওই পুলিশ কর্মকর্তা বলেন, “নূর হোসেনকে কোন কোন ধরনের সহযোগিতা করা হয়েছে তা বের করাই আমাদের প্রধান লক্ষ্য হলো। তবে তাকে আমাদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, কারণ সেখানেই সে বড় অপরাধগুলো করেছে।”  

এদিকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বাংলাদেশি মৌলবাদীদের আশ্রয় দেয়ার অভিযোগ করে আসা বিজেপি নেতারা বলছেন, বাংলাদেশি অপরাধীরা কতো সহজে কলকাতায় আশ্রয় পাচ্ছে নূর হোসেনের গ্রেপ্তারই তা স্পষ্ট করে দিয়েছে।

কলকাতায় আশ্রয় নেয়ার ক্ষেত্রে নূর হোসেন কোনো রাজনৈতিক দলের কোনো সদস্যের সহযোগিতা পেয়েছেন কি না গোয়েন্দাদের তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন বিজেপি নেতা সমিক ভট্টাচার্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা চাই, তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে থাকা জামায়াতের শীর্ষ নেতাদেরও গ্রেপ্তার করে নূর হোসেনের সঙ্গে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।”

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের শীর্ষ নেতাদের আশ্রয়ে কলকাতায় অবস্থানরত জামায়াতে ইসলামীর নেতাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তাদের হাতে রয়েছে বলে জানান বিজেপির এই নেতা।