২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নারী নিহত

নওগাঁর আত্রাই উপজেলায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত হন তার মেয়ে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 06:34 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

রোববার বিকেলে উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামে এ হামলায় রেহেনা পারভিন (৪৮) আহত হন। সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

তিনি ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

এ হামলায় আহত জান্নাতুন পারভিনকে (১৬) আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আত্রাই থানার ওসি আব্দুল লতিব খান জানান, নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আকরাম হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আকরাম রোববার বিকালে ওই বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ থেকে আম পাড়তে যান।

এ সময় রেহেনা বাধা দিলে তাকে ধারালো হাঁসুয়া ও লাঠি দিয়ে মাথায় আঘাত করে প্রতিপক্ষের লোকজন। মাকে উদ্ধার করতে জান্নাতুন এগিয়ে এলে তাকেও হাঁসুয়া দিয়ে আঘাত করা হয়।

পরে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে রেহেনার অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেয়ার পথে রেহেনার মৃত্যু হয়।