নাটোরে দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
নাটোরের লালপুরে পিকআপ ভ্যান চাপায় কর্তব্যরত এক আনসার সদস্য নিহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার বেরিলাবাড়ি পুলিশ ছাউনির কাছে লালপুর-বাঘা সড়কে এ দুর্ঘটনায় নিহত আব্দুস সামাদ (৫০) লালপুর থানায় কর্মরত ছিলেন।
লালপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, আব্দুস সামাদ প্রতিদিনের মতো পুলিশের একটি দলে লালপুর-বাঘা সড়কে টহল ডিউটিতে যান। বেরিলাবাড়ি পুলিশ ছাউনির কাছে রাস্তা পার হওয়ার সময় বাঘা থেকে ঢাকাগামী আমবাহী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও ১৩ ব্যাটালিয়ান আনসার ইউনিট সদস্য আব্দুস সামাদ ২০১৩ সালের ১ মে লালপুর থানায় যোগ দেন।
লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেছেন।
