২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীর শাপলাপুরে ১৪৪ ধারা জারি

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দুপক্ষের উত্তেজনার কারণে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 04:25 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সোমবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে। তাই ওই সময়ে এলাকায় সভা-সমাবেশ করা যাবে না।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, আগামী ২৮ জুন ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে এ ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।

এর প্রেক্ষিতে সম্ভাব্য কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী আগের সময়ে নির্বাচন আয়োজনের দাবিতে এক সমাবেশের আহবান করেন।

কিন্তু বর্তমান চেয়ারম্যান আবদুল খালেক নির্বাচন পেছানোর দাবিতে সভা আহবান করেন।

এতে অপ্রীতিকর ঘটনার আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের শাপলাপুর বাজারে ১৪৪ ধারা জারি করেন।

গত ২৯ মে নির্বাচন কমিশন ঘোষিত তপসিলে ২৮ জুন ওই ইউনিয়নে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ৪ জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ জুন। প্রতীক বরাদ্দ ছিল ১৩ জুন।

কিন্তু ১২ জুন আবারো উচ্চ আদালত এ ইউনিয়নের স্থগিত করার নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে দুপক্ষ সোমবার সভা আহবান করে।