২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে সাত জনের ফাঁসি

জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ছয় বছর আগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 02:32 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

অন্য দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন দুজন। দণ্ডিতরা সবাই পলাতক রয়েছেন।

সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ  রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ঘাউয়া মামুদের ছেলে রফিকুল ইসলাম ঢেরাই, একই গ্রামের আমিন উদ্দিনের ছেলে মোহাম্মদ তুলাব, একই উপজেলার উত্তর কুঠিপাড়ার মজিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক, সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের জবান আলীর ছেলে আতাহার আলী, জলঢাকা উপজেলার দক্ষিণ কাজিরহাট পুর্বপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে মহসীন আলী, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খেচুনীকুন্ডা আলমবিদিতর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মহুবার ও রংপুর সদর উপজেলার হাজীরহাট দোলাপাড়ার সহিদার রহমানের ছেলে মিন্টু মিয়া ওরফে শাহীন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-সৈয়দপুর উপজেলার খাতামধুটপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওরফে মামুন ও তার ভাই অফিসার রহমান। তাদের দুই ভাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তা না দিলে আরো ছয় মাস কারাগারে কাটাতে হবে তাদের।

মামলায় বলা হয়, জমিজমা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে ২০০৮ সালের ২৭ জুলাই রাতে আসামিরা কিশোরগঞ্জের নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক আব্দুল জব্বারকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের নয়নখাল নামক স্থানে চোখ, হাত-পা বেঁধে হত্যা করে।

ঘটনার পরদিন নিহতের ছেলে আব্দুস সালাম কিশোরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।