কোস্ট গার্ডে বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড
বিদ্রোহ সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ মৃত্যুদন্ডের বিধান রেখে ‘বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৪’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কোস্ট গার্ডকে একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে গড়ে তুলতে এই আইন করা হচ্ছে।”
“আইনের বিধান লংঘনকারীদের জন্য সশস্ত্র বাহিনীর ‘কোর্ট মার্শালের’ মতো ‘কোস্ট গার্ড আদালত’ করার বিধান রয়েছে এ আইনে।”
কোস্ট গার্ড আইন ১৯৯৪’ এ বাহিনী পরিচালিত হয়।
তবে এ আইনে অসম্পূর্ণতা থাকায় নতুন আইন করার প্রয়োজন হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এখানে কর্মকর্তাদের জন্য সুস্পষ্ট কোন নির্দেশনা ছিলো না, বিধিমালা দিয়ে তা পরিচালনা করা হতো।”
“কোস্ট গার্ডের গুরুতর অপরাধের জন্য বর্তমানে ‘রাইফেলস ওর্ডার ১৯৭২’ প্রযোজ্য আছে এবং বিদ্রোহের জন্য সুনির্দিষ্ট কোন শাস্তি ছিলো না।”
উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমায় জলদস্যু, চোরাচালান প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কোস্ট গার্ড।
এদিকে মন্ত্রিসভায় কম্বোডিয়ার সঙ্গে স্বাক্ষরের জন্য দুটি চুক্তি অনুমোদন দেয়া হয়।
সফররত কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এ চুক্তি দুটি স্বাক্ষরিত হতে পারে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
