২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

নারায়ণগঞ্জকে ‘স্পর্শকাতর’ এলাকা বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 08:24 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন নিয়ে রোববার আইনশৃঙ্খলা বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য এ আসনে উপনির্বাচনের ভোট হচ্ছে ২৬ জুন।

এ উপলক্ষে স্বরাষ্ট্র ও গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে ওই বৈঠক হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এতে রিটার্নিং কর্মকর্তাসহ মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা, নির্বাচনী এলাকার কর্মকর্তাসহ নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

পরে কমিশনের মিডিয়া সেন্টারে সিইসি কাজী রকিব বলেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। সহিংসতার কোনো আশঙ্কা করছেন না তারা।

তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয় বৈঠকে।

“নারায়ণগঞ্জ খুব স্পর্শকাতর জায়গা। খুব সতর্কতার সঙ্গে ব্যবস্থা নিতে সবাইকে সতর্ক থাকতে বলেছি। নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সহিংসতাও যাতে না ঘটে সে বিষয়ে সজাগ থাকার নির্দেশ দিয়েছি।”

এরইমধ্যে নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

কাজী রকিব বলেন, “বহিরাগতরা যাতে নির্বাচনী এলাকায় থাকতে না পারে সে নির্দেশ দেয়া হয়েছে। আচরণবিধি ভঙ্গ করলেই নেয়া হবে ব্যবস্থা। সব অ্যাফোর্ট দিয়ে কাজ করার জন্য মাঠ প্রশাসনকে সতর্ক করে দিয়েছি।”

ভোটের আগ মমুহুর্ত পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে যে টুকু করা দরকার ততটুকু করা হবে বলে জানান সিইসি।

এ উপনির্বাচনে সেনাবাহিনী না থাকলেও র‌্যাব, বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলাবাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত রাখা হবে বলে জানান তিনি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ এস এম আকরাম, কৃষক-শ্রমিক জনতা লীগের প্রার্থী শফিকুল ইসলাম দেলোয়ার ও মামুন সিরাজুল ইসলাম।

রোববার বরিশাল-৫ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।