২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার রিট আবেদনে ফের শুনানি সোমবার

দুর্নীতির দুই মামলার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদন সোমবার তৃতীয় বিচারপতির আদালতে শুনানির জন্য কার্যতালিকায় আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 06:06 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ওই দুই রিট আবেদন শুনানির জন্য পান, গত ২৫ মে বিভক্ত আদেশের পর যা প্রধান বিচারপতি এই আদালতে পাঠিয়েছিলেন।

এরপর তৃতীয় এই বিচারক রিট আবেদন দুটি সোমবার তার বেঞ্চের কার্যতালিকার শীর্ষে রাখতে বলেন বলে ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় জানিয়েছেন।

এরআগে দুই দিন শুনানির পর এই রিটে আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আদেশে ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি ফারাহ মাহবুব রুল এবং মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিলেও কনিষ্ঠ বিচারক কাজী মো. ইজারুল হক আকন্দ আবেদনটি খারিজের মত জানান।

ফলে নিয়ম অনুযায়ী এই আবেদন যায় প্রধান বিচারপতির কাছে। তিনি তা তৃতীয় বিচারকের কাছে পাঠান।

ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন।

ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে এসে নিস্ফল খালেদা গত ১২ মে বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আসেন। 

‍শুনানিতে খালেদার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুনানিতে মোহাম্মদ আলী বলেছিলেন, বিশেষ জজ আদালতে বিচার করতে হলে গেজেটের মাধ্যমে বিচারক নিয়োগ দিতে হয়। গেজেটের মাধ্যমে অধিক্ষেত্রও নির্ধারণ করতে হয়। বাসুদেব রায়ের ক্ষেত্রে সেটার ব্যত্যয় ঘটেছে।

“এ কারণে তার নিয়োগ অবৈধ। তার গৃহীত কার্যক্রমও বৈধ নয়।”

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, বাসুদেব রায়কে অফিসিয়াল গেজেটের মাধ্যমেই নিয়োগ দেয়া হয়। বিজি প্রেসের বাংলাদেশ গেজেটে তা পরে প্রকাশিত হয়েছে।

“আইনের বাধ্যবাধকতা অফিসিয়াল গেজেটের বিষয়ে। গেজেট প্রকাশের বিষয়ে নয়।”

তিনি আরো বলেন, “ঢাকার বিশেষ জজ-৩ আদালত এবারই প্রথম গঠন করা হয়নি। আগে থেকেই এই আদালত ছিল। তাই নতুন করে এই আদালতে অধিক্ষেত্র নির্ধারণ করে গেজেট করার প্রয়োজন নেই।”

গেজেট না করে সাধারণ আদেশে দেয়া ওই বিচারকের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না- রিট আবেদনে সেই আদেশ চেয়েছিলেন খালেদা। পাশাপাশি বিচারিক আদালতে মামলা দুটির কার্যক্রমে স্থগিতাদেশও চেয়েছিলেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের করা এই দুটি মামলায় অভিযোগ গঠনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি খালেদার।

মামলা দুটির বিচার ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে করার সিদ্ধান্ত  নিয়েছে সরকার, তারও সমালোচনা করে আসছে বিএনপি।

জিয়া অরফা্নেজ (এতিমখানা) ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন করা হয়েছে খালেদা ও তার ছেলে তারেকসহ ছয়জনের বিরুদ্ধে। আর জিয়া চ্যারিটেবল (দাতব্য) ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সঙ্গে আসামি হিসাবে রয়েছেন আরো তিনজন।

এতিমখানা ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এদের মধ্যে সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আছেন জামিনে। তারেক উচ্চ আদালতের জামিনে গত পাঁচ বছরের বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন। বর্তমানে তিনিসহ বাকি দুজন পলাতক।

দাতব্য ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এদের মধ্যে হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। খালেদাসহ বাকি দুই আসামি জামিনে রয়েছেন।

২০১১ সালের ৮ অগাস্ট জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ। ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল হয়।

তেজগাঁও থানার এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে। ২০১০ সালের ৫ অগাস্ট এই মামলার অভিযোগপত্র দেয়া হয়।

এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।

পুরনো খবর:

খালেদার আবেদনে হাই কোর্টের বিভক্ত আদেশ