নাটোর জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা
নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারপিট করে বিএনপি সমর্থিত প্রার্থীকে জিতিয়ে দেয়ার অভিযোগে নাটোরের জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর ভাই বাদী হয়ে নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।
ওই আদালতের এপিপি সামশুল হক ভুঁইয়া জানান, বিচারক লিয়াকত আলী মোল্লা বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে পরে আদেশের জন্য রেখেছেন।
মামলার আসামিরা হলেন জেলা প্রশাসক জাফর উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাখাওয়াত হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার জাহানকে আসামি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, গত ৯ জুন নলডাঙ্গা উপজেলা নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম ফিরোজের ভাই এস এম আলী ফকরুদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাদীর অভিযোগ, আসামিরা সেনাবাহীনিকে ব্যবহার করে নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাখাওয়াত হোসেনের সঙ্গে গোপন ষড়যন্ত্র করে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে মারপিট করেছে। এমনকি প্রার্থীর ভাই এই মামলার বাদীকে নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর গাড়িতে তুলে একটি নির্জন পুকুর পাড়ে নিয়ে গিয়ে বেদম মারপিট করে হত্যার উদ্দেশ্যে হাত ভেঙে দিয়েছে।
আহতদের পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
আসামিদের এসব কর্মকাণ্ডের কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয়ী হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
নাটোরের জেলা প্রশাসক জাফর উল্লাহ জানান, “নির্বাচনের দিন সেনাবাহিনীকে ব্যবহার করা আমার কাজ না। অভিযোগটি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।”
